ফেডারেল আদালতের রায়ের পর বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২১ আগস্ট থেকে স্থগিতাদেশটি আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা স্বাভাবিক সব ভিসা-সংক্রান্ত শর্ত পূরণ করলে অভিবাসী ভিসা পেতে পারেন।
গত জানুয়ারিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন এবং এ কারণে অতিরিক্ত যাচাই প্রয়োজন। অভিবাসী ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয় এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার পথ উন্মুক্ত হয়।
নীতিটির বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস বলেন, শুধু নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে ভিসা আটকে রাখা আইএনএর অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা অতিক্রম করেছে। স্থগিতাদেশ চলাকালে আগে ইস্যু করা ভিসা বাতিল হয়নি; নতুন আবেদন ও সাক্ষাৎকারও চলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।