অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন বা আল-খলিলে শুক্রবার গুলির ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর একটি জোট এ ঘটনার প্রশংসা করেছে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত নিষ্ঠুরতার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে একে বর্ণনা করেছে।
পপুলার রেসিট্যান্স কমিটি বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি কর্তৃপক্ষ, সামরিক বাহিনী ও চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীদের অপরাধের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে। হামাস ঘটনাটিকে ‘বীরত্বপূর্ণ’ বললেও দায় স্বীকার করেনি। লেবাননের হিজবুল্লাহও অভিযানের প্রশংসা করে এটিকে হত্যা, ধ্বংসযজ্ঞ ও পবিত্র স্থানে হামলাসহ ইসরাইলের চলমান অপরাধের বিরুদ্ধে স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া বলেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম নিহতদের ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম হিসেবে শনাক্ত করেছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত দুই ফিলিস্তিনি সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী চৌকিতে গুলি চালান। তাদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষটি ২০ মিনিটেরও বেশি সময় ধরে চলে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।