প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ রক্ষা, সব প্রাণীর প্রতি যত্নশীল হওয়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং ক্বিরাত চর্চার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
তিনি বেশি করে গাছ লাগানো, চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন তিনি। মানুষের দায়িত্ব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া এবং কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখানোর কথাও বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগত কাজের মানসিকতা তৈরি করে। পুঠিয়া, সাভার, তেজগাঁও ও টঙ্গীর শিক্ষার্থী-শিক্ষকেরা সংসদ ভবনে এসে জাতীয় সংসদের অধিবেশন দেখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাঁর পরামর্শে অনুপ্রাণিত হওয়ার কথা জানায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।