সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে সম্ভাব্য বিপদের সতর্কতা প্রত্যাহার করে কর্তৃপক্ষ ‘অল ক্লিয়ার’ ঘোষণা করেছিল। রয়টার্সের ভিডিও ও ছবিতে বিমানবন্দর এলাকার সড়ক, প্রধান টার্মিনাল ভবন ও অন্যান্য স্থাপনার ওপর ধোঁয়া ছড়িয়ে থাকতে দেখা যায়। ধোঁয়ার উৎস কী, তা জানানো হয়নি।
সৌদি সিভিল ডিফেন্স শনিবার ভোরে রিয়াদ এবং রাজধানীর পূর্বে অবস্থিত আল-খারজের বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা পাঠায়। পরে সকালে সতর্কতা প্রত্যাহার করা হয়। রিয়াদের ওলায়া এলাকায় থাকা রয়টার্সের এক সাংবাদিক জানান, সতর্কতা প্রত্যাহারের আগে তিনি বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। ধোঁয়ার উৎস নিয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
হুথিদের সঙ্গে উত্তেজনা জুলাইয়ে বাড়ার পর রাজধানী এলাকায় এটিই ছিল প্রথম এ ধরনের সতর্কবার্তা। জুলাইয়ে নৌ অবরোধ ঘোষণার পর থেকে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের দিকে হামলা চালিয়ে আসছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব চলমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে বেসামরিক ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।