রাজধানীর বনানী থানার অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছেন ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী। বুধবার নির্ধারিত শুনানির দিনে আসামিপক্ষের আইনজীবী মো. সুমন হোসাইন মূল আইনজীবীর হঠাৎ অসুস্থতার কারণে সময় চেয়ে আবেদন করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আবেদন মঞ্জুর করেন। শুনানির আগে আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হকের নামে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল, যা ২০২৪ সালের সরকার পতনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে জমা দেওয়া হয়নি। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যু করা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পুলিশ অনুসন্ধানে গিয়ে অস্ত্র বা সংশ্লিষ্ট কোনো তথ্য পায়নি।
বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে মামলা দায়ের করেন এবং ২০২৫ সালের ২৯ আগস্ট তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।