কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বুধবার দিবাগত গভীর রাতে ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নের দুটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট হয়েছে এবং হামলায় কয়েকজন আহত হয়েছেন। ইসলামাবাদের টেকপাড়ায় সাবেক ইউপি সদস্য নুরুচ্ছফার বাড়িতে রাত ৩টার দিকে গ্রিল কেটে ঢোকে ডাকাতরা।
নুরুচ্ছফা জানান, তিনি চিংড়ি ঘেরের কাজে বাইরে ছিলেন এবং বাড়িতে নারী সদস্য ও দাওয়াতে আসা নারী সদস্যরা ছিলেন। তাঁর দাবি, ডাকাতরা স্ত্রী আমেনা ও এক শিশু নাতিকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ২১ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও চারটি অ্যান্ড্রয়েড ফোন নেয়। তাঁর হিসাবে ক্ষতি প্রায় দেড় কোটি টাকা।
পোকখালীর মো. হোছনের বাড়িতেও গ্রিল কেটে ঢুকে তাঁর পুত্রবধূর ১৬ ভরি স্বর্ণ, সাড়ে তিন লাখ টাকা, তিনটি ফোন ও ৮০ লাখ টাকার একটি চেক নেওয়ার দাবি করা হয়েছে। দুই ক্ষেত্রেই আসবাবপত্র ভাঙচুর ও মোটরসাইকেলে পালানোর কথা বলা হয়। পুলিশ ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে; ওসি এটিএম সিফাতুল মাজদার সংঘবদ্ধ চক্র শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।