শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনের জন্য মঙ্গলবার রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে সামরিক বিমানযোগে সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টায় রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির, যা রংপুর ধর্মসভা নামেও পরিচিত, পরিদর্শনের কথা ছিল তার।
মন্দির পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে প্রতিবেদনে জানানো হয়। তার আগমনকে ঘিরে রংপুর নগরীসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। সৈয়দপুর থেকে রংপুর মহানগর পর্যন্ত তাকে বরণে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। সফরকে ঘিরে এসএসএফ, এনএসআই, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়। বেলা সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে তিনি রাজশাহী ও পরে চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।