তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় কাঠামোতে তুরস্ককে তার ন্যায্য স্থান না দিলে ইউরোপ অসম্পূর্ণ থেকে যাবে এবং সংকট মোকাবিলায় দুর্বল হয়ে পড়বে। শনিবার ইউরোপ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। এরদোয়ান বলেন, শ্যুমান ঘোষণা শুধু ইউরোপীয় ইউনিয়নের প্রতীক নয়, বরং শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এক অভিন্ন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারের প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, ৭৬ বছর আগে প্রতিষ্ঠিত ইইউর মূল নীতিগুলো বর্তমানে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে কঠিন পরীক্ষার মুখে রয়েছে। এরদোয়ান বলেন, এসব বৈশ্বিক সংকট ইইউকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি গ্রহণে বাধ্য করেছে, যেখানে প্রার্থী দেশ হিসেবে তুরস্ক একটি অপরিহার্য অংশ।
তিনি আরও বলেন, তুরস্ক পারস্পরিক প্রতিশ্রুতি ও পূর্ণ সদস্যপদ অর্জনের লক্ষ্য বজায় রেখে ইইউর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ এবং আশা করে ইইউও একই আন্তরিকতা দেখাবে। ইউরোপ দিবস উপলক্ষে তিনি ইউরোপ ও তুরস্কের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।