জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে অসুস্থ হয়ে চট্টগ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী ছানোয়ারা বেগম মারা গেছেন। বুধবার আকাশে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ওমানের মাস্কাটে ডাইভার্ট করা হয়। পরে মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মৃত যাত্রীকে মাস্কাটে রেখে বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। ফ্লাইটটি বুধবার দুপুর আনুমানিক ২টা ৪৭ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মহিউদ্দিন আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তী ফ্লাইটে ছানোয়ারা বেগমের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস কাজ করছে। বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টায় সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।