Web Analytics

ইউরোপের শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের বৈধ পথে প্রবেশের সুযোগ বাড়াতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইইউর স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অবৈধ অভিবাসন, মানবপাচার, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনও গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনের বিষয়ে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে মানবপাচার ঠেকাতে এবং অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় ইইউর সঙ্গে কাজের অঙ্গীকার করেন তিনি। ব্রুনার বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, মানবপাচার রোধ ও অবৈধ অভিবাসনের পথ বন্ধ করা উভয় পক্ষের অগ্রাধিকার। অবৈধ অভিবাসন কমলে বৈধ পথে বাংলাদেশি কর্মীদের ইউরোপে প্রবেশ সহজ হবে।

ট্যালেন্ট পার্টনারশিপের অধীনে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সনদ নিয়ে আলোচনা হয়েছে। প্রায় ৭৫০ দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ-সংক্রান্ত জটিলতা দূর করতে বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠানোর আহ্বানে ইইউ ইতিবাচক সাড়া দিয়েছে। মন্ত্রী জানান, ইন্টারপোল ডেটাবেজ-সংযুক্ত অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এ বছরের শেষ নাগাদ চালু হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবাসনে যৌথ কূটনৈতিক প্রচেষ্টার আশ্বাসও দিয়েছে ইইউ প্রতিনিধিদল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।