কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয়রা মো. রাজিব (২০) নামে এক যুবককে আটক করে বুধবার সকালে তিতাস থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিতাস থানার ওসি মো. মমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং জিজ্ঞাসাবাদে অন্যদের নামও জানা যেতে পারে বলে নিহতের স্বজনদের দাবি। তবে এখনো কোনো মামলা হয়নি।
ওসি জানান, মানিককান্দি গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যান লতিফ ভূঁইয়া। তিনি মৃত ধনু ভূঁইয়ার ছেলে এবং ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।