ঢালিউড অভিনেতা সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ হিসেবে আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেন। নির্ধারিত দিনে সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এ সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম।
সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের হয়। অভিনেতার মামা মোহাম্মদ আলমগীর মামলার বাদী। এজাহারে ১১ জনকে আসামি করা হয়েছে এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ রমনা থানাকে ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পরে সামিরা হক ও অভিনেতা আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়। আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।