রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১ এপ্রিল) ঘোষণা করেছে যে তাদের বাহিনী ইউক্রেনের লুহানস্ক অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিমের সামরিক ইউনিটগুলো লুহানস্ককে পুরোপুরি মুক্ত করেছে। রাশিয়া আরও জানিয়েছে, তারা খারকিভের ভারখানিয়া পিসারিভকা এবং জাপোরিঝিয়ার বোইকোভে গ্রামও দখলে নিয়েছে। লুহানস্ক ও দোনেৎস্ক মিলে দনবাস অঞ্চল গঠন করে, যার অধিকাংশই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
ক্রেমলিন ইউক্রেনীয় বাহিনীকে পুরো দোনেৎস্ক ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে, যা কিয়েভ বারবার প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি দনবাস থেকে বাহিনী প্রত্যাহার করতেন, তাহলে যুদ্ধ শেষ করা যেত। এর একদিন আগে জেলেনস্কি জানান, রাশিয়া যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম দিয়েছে—দুই মাসের মধ্যে দনবাস দখল না হলে শান্তিচুক্তির শর্ত আরও কঠোর হবে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া দনবাস দখলের জন্য সামরিক অভিযান চালাচ্ছে, যা পরবর্তীতে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়। পশ্চিমা দেশগুলোর আর্থিক ও সামরিক সহায়তায় যুদ্ধ দীর্ঘায়িত ও ব্যাপক আকার ধারণ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।