ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডিমলায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৬ আগস্ট সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর ছিল বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করায় চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক ছড়িয়েছে।
নীলফামারীতে দিনের গড় বৃষ্টিপাত ১৩২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে এবং তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডিমলা ও জলঢাকা উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। লালমনিরহাটের নদীতীরবর্তী এলাকাতেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যেতে শুরু করায় অনেক স্থানে নৌকা ও ভেলা মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে, ভারতের উজানে কয়েক দিনের ভারি বৃষ্টি এবং গত দুই দিনের টানা বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হয়েছে। পানির চাপে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী উঁচু সড়ক ঝুঁকিতে রয়েছে; দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।