প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী বাহিনীতে পরিণত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সম্মেলনে সশস্ত্র বাহিনীর চাহিদা, কর্মপদ্ধতি ও পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে। সরকার সশস্ত্র বাহিনীকে জনমুখী বাহিনীতে রূপান্তরের যে দায়বদ্ধ অবস্থান নিয়েছে, সেই অনুযায়ী জেলা প্রশাসকদের ভূমিকা নির্ধারণে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন এবং পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনাবাহিনী গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনে সেনাবাহিনী, জেলা প্রশাসক ও সিভিল প্রশাসনের ভূমিকা আরও শক্তিশালী করা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।