বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান ডিভিশনের পরিচালক জ্যাঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎ করে। বৈঠকের শুরুতে মন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রতিনিধিরা মন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।
বৈঠকে মন্ত্রী জানান, কৃষকের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে ১১টি ব্লকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে এবং পরে সারাদেশে বিস্তৃত করা হবে। বিশ্বব্যাংক কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। মন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান।
উভয় পক্ষ কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন পরিচালক দিনা উমালি-ডাইনিঙ্গার উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।