বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। ২৫ জুলাই প্রকাশিত দলীয় বিবৃতি অনুযায়ী, শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে সিদ্ধান্তটি নেওয়া হয়। সভা শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে খেলাফত মজলিস বলেছে, ১১ দলীয় ঐক্য মূলত নির্বাচনি সমঝোতা ছিল এবং নির্বাচন শেষ হওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবে নির্বাচনের পর জোটের কিছু কর্মসূচিতে দলটি অংশ নিয়েছিল। এখন থেকে জোটের যাবতীয় কর্মসূচি থেকে বিরত থাকবে বলে জানিয়েছে তারা।
দলটি বলেছে, দেশ, জাতি ও ইসলামের প্রয়োজনে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা অব্যাহত থাকবে। গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে তাদের নাম ও নেতাদের নাম ব্যানার বা প্রচারণায় ব্যবহার না করতে জানায়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহারের পর আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।