অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শুরু করেছে সংসদের বিশেষ কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার সকাল ১১টার দিকে শুরু হয়। বৈঠকে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকের আগে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত না হওয়ায় কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কোন অধ্যাদেশ গ্রহণযোগ্য, কোনটি সংশোধনের প্রয়োজন এবং কোনটির আরও পরিবর্তন দরকার—এসব নিয়েই আলোচনা হবে। কিছু অধ্যাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে, আবার কিছু অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে, যেমন জুলাইযোদ্ধাদের স্বীকৃতি ও ইনডেমনিটির বিষয়।
সংবিধান অনুযায়ী, সংসদ অধিবেশনে না থাকলে রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশ প্রথম অধিবেশনের প্রথম দিন উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে পাস না হলে তা অকার্যকর হয়। পরবর্তী অধিবেশন ২৯ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।