যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি সফরে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে ব্যবসায়িক বি-১ ও পর্যটক বি-২ ভিসা বাতিল হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার বলেন, এসব আবেদনকারীকে চিহ্নিত করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক কতজনের ভিসা বাতিল হবে, তা জানায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে দেওয়া বি-১ ও বি-২ ভিসাগুলো এই প্রক্রিয়ার আওতায় আসবে। প্রায় দুই লাখ ভিসা বাতিল হলে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিসা বাতিল হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না। যাদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন, তাদের অধিকাংশের ভিসার মর্যাদা নতুন কোনো শ্রেণিতে পরিবর্তন হতে পারে, তবে ব্যবসা বা পর্যটনের অস্থায়ী ভিসা মর্যাদা থাকবে না। উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও ভিত্তিহীন বা ভুয়া আশ্রয় আবেদনের কথা বলেছেন। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এই অভিযান মতপ্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি অধিকার ক্ষুণ্ন করছে এবং জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় ফেলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।