ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে দলের প্রার্থী দেলাওয়ার হোসেন জালভোট, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন।
প্রথমে শুক্রবার বিকেলে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সভা-সমাবেশ করা যাবে না—এমন নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচিটি পিছিয়ে দেওয়া হয়। দেলাওয়ার হোসেন জানান, শনিবার বিকেল সাড়ে চারটায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেলাওয়ার হোসেন নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। রাত ১১টার দিকে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা হওয়ায় উপনির্বাচন হয়। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।