যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেকে সতর্ক করে বলেছেন, তিনি ‘আগুন নিয়ে খেলছেন।’ ফ্রে ঘোষণা দিয়েছিলেন, মিনিয়াপোলিস শহর ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করবে না। বুধবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ফ্রের ঘনিষ্ঠদের উচিত তাকে বোঝানো যে এ ধরনের অবস্থান আইন লঙ্ঘনের গুরুতর ঘটনা হতে পারে। তিনি দাবি করেন, এর আগে ফ্রের সঙ্গে তার ভালো কথোপকথন হয়েছিল।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফ্রে বলেন, স্থানীয় পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অভিবাসন আইন প্রয়োগ করা নয়। তিনি উদাহরণ দেন ইকুয়েডরের আশ্রয়প্রার্থী আদ্রিয়ান আলেক্সান্ডার কনেহো আরিয়াসের, যাকে জানুয়ারিতে আইসিই আটক করে। ফ্রে জানান, তিনি ‘বর্ডার জার’ টম হোমানের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন যে মিনিয়াপোলিস ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করবে না এবং শহরের নিরাপত্তায় মনোযোগী থাকবে।
এই পাল্টাপাল্টি বক্তব্য আসে এমন সময়ে, যখন মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর উত্তেজনা বেড়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, টম হোমান মাঠপর্যায়ে আইসিই অভিযান পরিচালনা করবেন, যাতে “সবচেয়ে ভয়ংকর অপরাধী অবৈধ অভিবাসীদের” গ্রেপ্তার অব্যাহত রাখা যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।