রাশিয়া জানিয়েছে, ইউক্রেন এক রাতে ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ২৮৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে প্রায় ৯০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং মস্কোর মেয়র জানিয়েছেন, রাজধানীমুখী ২৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। সারাতভ অঞ্চলে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন আহত হয়েছে বলে স্থানীয় গভর্নর জানিয়েছেন।
২০২২ সাল থেকে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে আঘাত হানছে। কিয়েভের দাবি, এসব হামলা মূলত সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শনিবার যুক্তরাষ্ট্রে বৈঠকে বসবেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে স্থগিত থাকা রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী ধাপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করবে ইউক্রেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।