ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। ১ আগস্ট সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, রাজ্যের অন্তত পাঁচটি জেলায় বন্যার প্রভাব এখনো বজায় আছে এবং প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবারের তুলনায় সামগ্রিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বহু মানুষ দুর্ভোগে আছেন।
শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাঁও ও চরাইদেও জেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সম্প্রতি শিবসাগর ও চরাইদেও জেলায় নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। মোট ১ লাখ ৯২ হাজার ৭৯৯ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চরাইদেওতে ৭৭ হাজার ৪৫৬ জন, শিবসাগরে ৬৩ হাজার ৪৯২ জন এবং জোরহাটে ৩৪ হাজার ৬৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। গোলাঘাট, শিবসাগর ও নুমালিগড়ে দিখৌ ও ধানসিরি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজ্য সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে। ৫৪টি ত্রাণশিবিরে প্রায় ১৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং ২৬টি ত্রাণ বিতরণকেন্দ্র থেকে আরও ৫ হাজার ৩৮৪ জন সেবা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বীমা দাবি ও ঋণ কিস্তি স্থগিতের বিষয়ে ৫ আগস্ট মন্ত্রিসভা বীমা সংস্থা ও এনবিএফসিগুলোর সঙ্গে বৈঠক করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।