কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রবাসী নুরুল আলম সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার ভোর রাতে মক্কাগামী পথে দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নুরুল আলম ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার আলতাজ আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। জীবিকার তাগিদে বহু বছর আগে তিনি প্রবাসে যান এবং দুর্ঘটনার দিন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
নিহতের ভাই জানে আলম জানিয়েছেন, মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসী সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।