লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর এক কমান্ডার ও তার কিশোরী কন্যা নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে শহরের দক্ষিণ প্রবেশপথের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলাটি ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে, এতে পিআইজে কমান্ডার ওয়ায়েল আবদুল হালি এবং তার ১৭ বছর বয়সী মেয়ে রিমা নিহত হন।
হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে উদ্ধার তৎপরতা চালানো হয়। ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে অন্য কোনো হতাহতের তথ্য উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে লেবানন সীমান্তজুড়ে ইসরাইলি হামলা বেড়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।