বিশ্বব্যাংকের ২০২৬ সালের পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি ধনী দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের দৈনিক আয় বা ভোগব্যয় ভারতের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের চেয়েও বেশি। এই তুলনা ভারতের আয় ও জীবনযাত্রার মানের সামগ্রিক ঘাটতির চিত্র তুলে ধরে।
ভারতে দরিদ্রতম ১০ শতাংশ মানুষের মাথাপিছু দৈনিক আয় বা ভোগব্যয় প্রায় ৩ ডলার। যুক্তরাষ্ট্রে তা ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার এবং জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার। ভারতের ধনীতম ১০ শতাংশ মানুষের দৈনিক আয় বা ভোগব্যয় প্রায় ১০ ডলার, যেখানে যুক্তরাষ্ট্রে ১৭৩ ডলার, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলার এবং জার্মানিতে ১২৮ ডলার। ভারতের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, মাসে ৮০ হাজার রুপি আয়কারী ব্যক্তি শীর্ষ ১০ শতাংশে পড়েন।
ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট অহনা দত্তগুপ্ত এনডিটিভিকে বলেন, ভারতের সমস্যা শুধু দারিদ্র্য নয়, সামগ্রিকভাবে মানুষের আয় কম। তাঁর মতে, কেবল ধনী-দরিদ্রের ব্যবধান কমালেই উন্নত দেশের জীবনযাত্রার মানের সঙ্গে ব্যবধান দূর হবে না; সব শ্রেণির মানুষের আয় ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।