কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৬তম এবং এশিয়াজুড়ে ১৩৬তম স্থান পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস ৩ নভেম্বর ২০২৬ র্যাঙ্কিংটি প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে; গত বছরও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটি শীর্ষে ছিল।
এবারের তালিকায় এশিয়ার ২৬টি দেশের মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়ায় প্রথম হয়েছে হংকং বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। কিউএস একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচক বিবেচনা করে অবস্থান নির্ধারণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ অর্জনকে আনন্দ ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এটি। শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মানের দক্ষতা অর্জনের সুযোগ তৈরিকে প্রশাসনের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।