তথ্য যাচাই ও অনুসন্ধানী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের অনুসন্ধানে বাংলাদেশে নাগরিকের ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রির সক্রিয় প্রস্তাবের তথ্য উঠে এসেছে। ফেসবুক পোস্ট ও গ্রুপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং নির্দিষ্ট ওয়েবসাইটে ক্রেতা খোঁজার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এসব বিজ্ঞাপনে এনআইডি, কল ডিটেইল রেকর্ড, মোবাইলের অবস্থান, এসএমএস তালিকা, জন্মনিবন্ধন, পাসপোর্ট, টিআইএন, আইএমইআই এবং মোবাইল আর্থিক সেবার হিসাব বিবরণী দেওয়ার কথা বলা হয়েছে। নিজস্ব অনুসন্ধানে যোগাযোগ করা কয়েকজন বিক্রেতাও এনআইডি, কল রেকর্ড ও অবস্থানসংক্রান্ত সেবা দেওয়ার দাবি করেছেন।
ডিসমিসল্যাব ব্যক্তিগত তথ্য বিক্রির সঙ্গে যুক্ত ১০টি সক্রিয় ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত বিজ্ঞাপনের তথ্য পেয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ৫০০ টাকা দেওয়ার ১৭ মিনিটের মধ্যে এনআইডির পিডিএফ এবং ১ হাজার ৫০ টাকা দেওয়ার প্রায় আড়াই ঘণ্টার মধ্যে তিন মাসের কল ডিটেইল রেকর্ড পাওয়া যায়। যাচাইযোগ্য তথ্যের সঙ্গে নাম, ছবি, জন্মতারিখ, কলের সময় ও ধরন মিলেছে বলে তারা জানিয়েছে।
১৫ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করা ৬৭৫টি ফেসবুক পোস্ট শনাক্ত হয়, যার ৬০৫টিতে ব্যক্তিগত তথ্য বিক্রির প্রস্তাব ছিল। এতে অন্তত ১১২টি মুঠোফোন নম্বর ও ৩৬টি সক্রিয় ফেসবুক গ্রুপের তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা তথ্যের উৎস নিয়ে বিভিন্ন দাবি করলেও সরকারি সার্ভারে প্রবেশের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।