ভেনেজুয়েলায় ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে এবং এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ তথ্য প্রকাশ করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন এবং ২১ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। স্থানীয়দের অভিযোগ, সরকারের উদ্ধার তৎপরতা ছিল ধীরগতির।
বাস্তুচ্যুতরা জানান, ভূমিকম্পের পর সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজ শুরু করলেও সরকারের কার্যকর উপস্থিতি অনেক পরে দেখা গেছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে ফিরে গেছে এবং এখন মূলত মানবিক সহায়তা বিতরণে জোর দেওয়া হচ্ছে। অনেক পরিবার সীমিত সহায়তা নিয়ে টিকে থাকার চেষ্টা করছে।
বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই দুর্যোগ মোকাবিলাকে কঠিন করে তুলেছে। অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রট জানান, বিদেশে ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন ডলার সম্পদ আটকে আছে। যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, পুনর্গঠনে প্রায় ৩৭ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।