রাজধানীর লালবাগ এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার, ১৩ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দুই দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছিল মদিনা গ্রুপ। আদালতের নির্দেশে ১২ মে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পরই উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তারা মনে করছেন, দীর্ঘদিন পর সরকারি জমি উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকলে দখলদারিত্বের প্রবণতা কমে আসবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।