জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করে ছয়টি প্রধান ব্যর্থতার অভিযোগ তুলেছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি বন্ধ, অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা এবং বেকারত্ব নিরসনে সরকার প্রত্যাশিত অগ্রগতি করতে পারেনি।
জেডিপি বলেছে, ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হয়নি এবং উচ্চকক্ষের বিষয়ে অবস্থান স্পষ্ট নয়। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার, ছাত্র সংসদকেন্দ্রিক রাজনীতি এবং উপাচার্য নিয়োগে স্বচ্ছতা চেয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে আলোচনা ও সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক চুক্তি উপস্থাপনের দাবিও জানিয়েছে দলটি।
দলটি আর্থিক প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রেখে পেশাদারদের পরিচালনায় দেওয়া, খেলাপি ঋণ ও পাচার হওয়া অর্থের বিষয়ে পদক্ষেপ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণের প্রস্তাব দিয়েছে। জ্বালানিতে নবায়নযোগ্য উৎস, ৯০ দিনের তেল মজুত, গ্যাস অনুসন্ধান ও কয়লা উত্তোলনের উদ্যোগ চাওয়া হয়েছে। বেকার ভাতা, কর্মসংস্থান, কো-অপারেটিভ এডুকেশন এবং দক্ষ জনশক্তির প্রশিক্ষণ নিয়েও প্রস্তাব দিয়েছে জেডিপি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।