চট্টগ্রামের রাউজান উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ মুহাম্মদ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আজগর (৬০) উপজেলার হাজীপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি বড় মৌলানা শাহ (রাহ.) মাজারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, তখন উত্তর দিক থেকে আসা মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
মোটরসাইকেল চালক মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়ির মো. রায়হান ও তার সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন এবং প্রাথমিক চিকিৎসা পান। নিহতের ভাতিজা মাওলানা মো. জসিম উদ্দিন জানান, পরিবারের বিয়ের অনুষ্ঠানের দিনই দুর্ঘটনায় সব আনন্দ ম্লান হয়ে যায়। তিনি এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।