দেশের ৫৬ জেলার ৭৭ উপজেলায় বৃহস্পতিবার একযোগে কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায় চালু হয়েছে। ফেনীর ফুলগাজীতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জেলার ৭ হাজার ৬৪৩ কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হয়। ৭৭টি কৃষি ব্লকের এক লাখের বেশি কৃষককে এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যেকের ব্যাংক হিসাবে এককালীন ২ হাজার ৫০০ টাকা উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়া এবং কৃষি উপকরণ কেনায় আর্থিক সহায়তা নিশ্চিত করাই কর্মসূচির লক্ষ্য। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ১ লাখ ৪৭ কৃষকের ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে জমা দেওয়া হয়। মোট সহায়তার পরিমাণ ২৫ কোটি ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর কর্মসূচির কাজ শুরু করে; প্রাক-পাইলট পর্যায়ে ২০ হাজারের বেশি কৃষক কার্ড ও একই অঙ্কের উপকরণ সহায়তা পেয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৫০৩ উপজেলার ১৪ হাজার ১৮০ কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কার্ড দেওয়া হবে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। এ পর্যন্ত ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্যভাণ্ডার তৈরি এবং প্রায় ৯ লাখ কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।