ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রোববার জারি করা নোটাম অনুযায়ী, ১২ অক্টোবর বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দরটির কার্যক্রম। হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। চলতি সপ্তাহে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, গতকাল বিমানবন্দরের ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে বিলম্ব হয়েছে। রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।