বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপান কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক ইএসডিপি-এমওসি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার, ১৭ অক্টোবর বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ও ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।
চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়বে, ফলে মোট মেয়াদ হবে ১০ বছর। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রায় এক বছরের প্রচেষ্টায় চুক্তিটি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা এবং কর্মী পাঠানো ও গ্রহণে সহযোগিতা জোরদার হবে। বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত বা বৈষম্যের শিকার করা যাবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।