বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব। তিনি আশ্বাস দেন যে পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা অব্যাহত থাকবে। রোববার টানা ভারি বর্ষণের পর তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের দেখতে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে থেকে সহায়তা দিচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পানিবন্দি মানুষের খাদ্য, আশ্রয় ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম চলবে।
পরিদর্শনে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।