রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিন করে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা, ৪৩, এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ, ৪৭। রোববার রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানার ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাঁদের আটক করে।
গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য দুজনের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, দুই আসামি পল্লবী এলাকার একটি বাসা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল উপকরণ তৈরি ও প্রচার করছিলেন। আবেদনে আরও অভিযোগ করা হয়, তাঁরা অনলাইনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ফেসবুক পেজ ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতেন। পুলিশ ২০১৮ সালের একটি গোলটেবিল বৈঠক ও পরে গঠিত বঙ্গবন্ধু সেনা পরিষদের ১০১ সদস্যের কমিটির কথাও উল্লেখ করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।