অক্টোবরে প্রবাসীরা দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর ফলে টানা পাঁচ মাস মাসিক প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে থাকল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১০ শতাংশ বেশি।
সর্বশেষ গত মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স আসে ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার এবং আগস্টে তা বেড়ে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে আয় কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে গেলেও অক্টোবরে কিছুটা বেড়ে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার হয়।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত, প্রবাসীরা মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ফলে চার মাসের হিসাবে প্রবাসী আয় প্রায় ১৩ শতাংশ বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।