আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, ক্যারিয়ার উন্নয়ন ও নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে একটি সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রাইমঅ্যাকাডেমিয়া উদ্যোগের আওতায় আয়োজিত অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংকাররা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন বলেন, নারীর আর্থিক অন্তর্ভুক্তি ব্যাংকিং সেবায় প্রবেশাধিকারের পাশাপাশি আর্থিক স্বাধীনতা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্ব বিকাশের সঙ্গে যুক্ত। তিনি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতার পাশাপাশি আর্থিক জ্ঞান অর্জনের আহ্বান জানান। মূল বক্তা এম এম মাহবুব হাসান আয়-ব্যয়ের ভারসাম্য, নিয়মিত সঞ্চয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার ওপর জোর দেন।
মাহবুব হাসান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রাইম ব্যাংকের সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল, দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ব্রেইল বই ও সহজপ্রাপ্য ব্যাংকিং উপকরণের কথা তুলে ধরেন। সিডব্লিউইউ উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান উদ্যোগটির প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর, দলীয় আলোচনা এবং কৃতী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।