জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার খানবাড়ি এলাকায় ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সাত দফা দাবি আদায়ে ১১ দলের এটি তৃতীয় লংমার্চ। তাদের দাবি স্পষ্ট এবং তারা জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছেন বলে উল্লেখ করেন তিনি। ডা. শফিকুর রহমানের ভাষ্য, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন তা কার্যকর ও বাস্তবায়ন করাই তাদের মূল দাবি। এই দাবি বাস্তবায়িত হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে তারা বিশ্বাস করেন।
জামায়াত আমির বলেন, সরকার গণভোটের রায় ও জনগণের ভোটের প্রতি সম্মান দেখালে সম্মানিত হবে। কিন্তু রায় অগ্রাহ্য করলে সরকার শুধু অসম্মানিতই হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। পথসভায় জেলা জামায়াতের আমির আ স ম রুহুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।