সহকারী প্রাথমিক শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও এনএসআই, এসবি ও ডিএসবির ভেরিফিকেশনের নামে বিভিন্ন জেলায় শত শত প্রার্থীকে নিয়োগ থেকে বাদ দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসান এ বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ ও আইনগত ভিত্তি প্রকাশের দাবি জানান।
ইউটিএল বলেছে, বাদ পড়া প্রার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশ পেয়েছিলেন। তাদের মতে, ভেরিফিকেশন রাজনৈতিক বা মতাদর্শিক বৈষম্য, হয়রানি কিংবা বাছাইয়ের হাতিয়ার হতে পারে না। নির্দিষ্ট অপরাধ বা আইনগত অযোগ্যতার প্রমাণ ছাড়া অনুমান, রাজনৈতিক পরিচয় বা মতপার্থক্যের ভিত্তিতে কাউকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে। বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ভেরিফিকেশন প্রতিবেদন পুনঃপর্যালোচনা, অভিযোগের যথাযথ প্রমাণ উপস্থাপন এবং প্রয়োজনে পুনঃতদন্তের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ইউটিএল। তাদের ভাষ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।