জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সরকারি কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে জনসাধারণের সেবক হতে হবে। তিনি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দেন। বৃহস্পতিবার শাহবাগের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১৪৬, ১৪৭ ও ১৪৮তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করে জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব। এ জন্য তিনি সব কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
তিনি নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের উপকরণ ও আর্থিক সুবিধা, দেশব্যাপী স্বাস্থ্যসেবা এবং খাল খননের কথা উল্লেখ করেন। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় বঙ্গোপসাগর থেকে পানি সরবরাহের পরিকল্পনার কথাও জানান। নতুন কর্মকর্তাদের প্রকল্প ব্যবস্থাপনা, স্থানীয় সম্পদ সংগ্রহ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে বলে তিনি উল্লেখ করেন। সব কর্মকর্তার জন্য অন্তত একটি মৌলিক প্রশিক্ষণ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।