বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং দেশে কোনো ধরনের জঙ্গিবাদ বা উগ্রবাদের স্থান নেই। রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দময় পরিবেশে উদযাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
শাহজাহান বাংলাদেশকে সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘকাল ধরে দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি বাংলাদেশকে অহিংস ও অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর নানামুখী চক্রান্ত হয়েছিল। জঙ্গিবাদের তকমা দিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামাসহ অনেক নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় কারারুদ্ধ ও নির্যাতন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। সদর উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, দেবালয় ও পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।