ভারতের আসাম রাজ্যে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে মুসলিম পরিবার বাস্তুচ্যুত এবং একাধিক মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এ অবস্থান জানান। প্রকাশিত সংবাদ অনুযায়ী, নগাঁও, হোজাই ও গোলাঘাটে এক হাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে; তাদের অধিকাংশ বাংলাভাষী মুসলিম।
নেতৃদ্বয় বলেন, কোনো প্রশাসনিক পদক্ষেপে সাধারণ মানুষকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া বা ধর্মীয় উপাসনালয়ের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। ভূমি বা স্থাপনার মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা স্বচ্ছ ও ন্যায়সংগত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। ধর্মীয় বা ভাষাগত পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠী যাতে বৈষম্যের শিকার না হয়, তা নিশ্চিত করার কথাও তারা বলেন।
বিবৃতিতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ আইনি সুরক্ষা ও মানবিক পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। মসজিদসহ ধর্মীয় স্থাপনার মর্যাদা রক্ষা এবং উচ্ছেদ অভিযান নিয়ে ওঠা অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ পর্যালোচনাও চেয়েছে দলটি। নেতারা বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা জরুরি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।