লা লিগায় টানা দ্বিতীয় শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার গেতাফের মাঠে ২-০ গোলের জয়ে ছয় মৌসুম পর এই ভেন্যুতে জয় পেল কাতালানরা। ম্যাচের ৪৫তম মিনিটে ফারমিন লোপেজ দলকে এগিয়ে দেন এবং ইনজুরিতে ছিটকে যাওয়া লামিনে ইয়ামালকে গোলটি উৎসর্গ করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭৪তম মিনিটে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
এই জয়ে লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টে উন্নীত করেছে বার্সা। ফলে শিরোপার লড়াইয়ে তারা এখন স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিতব্য এল ক্লাসিকো ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গেতাফের মাঠে এটি বার্সেলোনার দীর্ঘ প্রতীক্ষার জয়। এর আগে শেষ পাঁচ সফরে তারা মাত্র একটি গোল করতে পেরেছিল, যার মধ্যে ছিল চারটি ড্র ও একটি হার। সর্বশেষ ২০১৯ সালে এই মাঠে জয় পেয়েছিল বার্সা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।