কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ার নিয়ে বিরোধের জেরে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। জনসভাটি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে অনুষ্ঠিত হয়, তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছালে চেয়ার নিয়ে তার সমর্থকদের সঙ্গে ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মাহবুব আলম কিসমত অভিযোগ করেন, সাদেক মিয়া ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়, এতে অন্তত ২০ জন আহত হন। অন্যদিকে সাদেক মিয়া দাবি করেন, কিসমতের লোকজনই তাদের ওপর হামলা চালিয়েছে, এতে ৮–১০ জন আহত হয়েছেন।
অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।