সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ মোট ২৭ জন সদস্য সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলার চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন। কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডার মোহাম্মদ মেসবাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আত্মসমর্পণের সময় তারা বিদেশি ও দেশীয় অস্ত্রসহ শতাধিক তাজা ও ফাঁকা কার্তুজ জমা দেন।
কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে অভিযান চলছে। এসব অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ৪৫ জন বনদস্যু গ্রেপ্তার এবং ৪২ জন জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক অভিযানের চাপে দস্যু বাহিনীগুলো আত্মসমর্পণে বাধ্য হচ্ছে।
আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং সরকারের পুনর্বাসন নীতিমালার আওতায় তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।