Web Analytics

প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আধুনিকায়নের মাধ্যমে দ্রুত চালু এবং এর পূর্বনাম ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ পুনর্বহালের দাবিতে শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকার সামনে এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কর্মসূচিটি হয়।

বক্তারা বলেন, গত বছরের ১ মার্চ থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণে ২০১০ সালের পর থেকে বছরের বেশির ভাগ সময় কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হচ্ছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, গ্যাস রেশনিংয়ের নামে একটি মহল কারখানা বন্ধ রেখে সার আমদানিতে লিপ্ত হয়েছে, ফলে প্রতিষ্ঠানটি যান্ত্রিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, পরিবহন মালিক সমিতি এবং আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতাকর্মীরা সংহতি জানান। বক্তারা স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে বন্ধ কারখানার নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। দাবি না মানলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্বল্প সময় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।