মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে চুরির অভিযোগে রাজীব (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি মোহাম্মদ হাকিম আলীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার চুরি করেন এবং বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করেন।
গৃহকর্তা হাকিম আলী ঘটনাটি টের পেয়ে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে আহত হন এবং বর্তমানে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পরে এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।