হিজবুল্লাহর সঙ্গে সর্বশেষ যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননে অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার প্রকাশিত সরকারি হিসাবে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) জানায়, ৪৫ দিনে ১৭ হাজার ৭৫৬টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৩২ হাজার ৬৬৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ মার্চ থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ দেশটিকে যুদ্ধে যুক্ত করার পর ইসরাইলি হামলায় ২ হাজার ৪০০ জনের বেশি নিহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সিএনআরএস প্রধান শাদি আবদাল্লাহ জানান, যুদ্ধবিরতির প্রথম তিন দিনে ৪২৮টি ঘরবাড়ি ধ্বংস ও ৫০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লেবাননি কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হবে। এর আগে ২০২৩ থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত সংঘর্ষ চলার পর নভেম্বরের যুদ্ধবিরতিতে তা থামানোর চেষ্টা করা হয়।
পরিবেশমন্ত্রী তামারা জেইন বলেন, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ২ লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যা আবাসিক এলাকা, অবকাঠামো ও কৃষিজমিতে ব্যাপক ক্ষতি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।